নাটোর প্রতিনিধি 

নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর সরকারি কলেজের ৮ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষার ফর্ম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে কলেজের অফিস সহকারী অমিত কুমার সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৪ জুলাই) দুপুরে লালপুর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, ভুক্তভোগী শিক্ষার্থী মোছা. ইসরাত জাহান সূচির পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতে তদন্ত করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ মার্চ ইসরাত জাহান সূচি এইচএসসি পরীক্ষার ফর্ম ফিলাপের জন্য তিন হাজার ৫০০ টাকা, ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র অফিস সহকারী অমিত কুমার সরকারের কাছে জমা দেন। অভিযুক্ত নিজেই ফর্ম ফিলাপ সম্পন্ন করে দেওয়ার আশ্বাস দেন। পরে বিভিন্ন সময়ে খোঁজ নিলে তিনি কাজ হয়ে যাবে বলে আশ্বস্ত করতে থাকেন।
গত ২৯ জুন কলেজে প্রবেশপত্র বিতরণ শুরু হলে অমিত কুমার সরকার সূচির পরিবারকে নানা অজুহাতে অপেক্ষা করতে বলেন। ১ জুলাই সূচির বাবা-মেয়ে কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করলে কম্পিউটারে যাচাই করে জানা যায়, তার ফর্ম ফিলাপই করা হয়নি।
পরে বিষয়টি তদন্তে উঠে আসে, একই কৌশলে আরও ৭ শিক্ষার্থীর ফর্ম ফিলাপের টাকাও আত্মসাৎ করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত অমিত কুমার সরকারকে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ।
পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ আছে কিনা, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন