লালমনিরহাট প্রতিনিধি 

অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে। কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি দীর্ঘ সময় মাঠে জমে থাকে। এতে শিক্ষার্থীদের চলাচল, খেলাধুলা ও বিভিন্ন শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। পানি সরে গেলেও মাঠজুড়ে কর্দমাক্ত পরিবেশ সৃষ্টি হওয়ায় দুর্ভোগ আরও বাড়ছে।
সোমবার (২৯ জুন) সরেজমিনে বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, কয়েকদিনের বৃষ্টিতে মাঠের বিভিন্ন স্থানে পানি জমে রয়েছে। অনেক শিক্ষার্থী কাদা ও পানি এড়িয়ে শ্রেণিকক্ষে যাতায়াত করছে। মাঠের একাংশে চলাচলও কঠিন হয়ে পড়েছে।
কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষক জানান, অল্প বৃষ্টিতেই মাঠে পানি জমে যায়। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দীর্ঘ সময় পানি আটকে থাকে। এতে খেলাধুলা, শরীরচর্চা, সমাবেশসহ বিভিন্ন কার্যক্রমে বিঘ্ন ঘটে। পানি নেমে গেলেও মাঠ দীর্ঘ সময় কর্দমাক্ত থাকায় শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে মাঠ ব্যবহার করতে পারে না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মকবুল হোসেন বলেন, “মাঠটি তুলনামূলক নিচু হওয়ায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বিষয়টি সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া দরকার।”
শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, বিদ্যালয়ের মাঠে স্থায়ীভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলে দীর্ঘদিনের এ সমস্যা থেকে মুক্তি মিলবে এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে।
মন্তব্য করুন