দিনাজপুর প্রতিনিধি 

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শিক্ষাছুটি শেষে কর্মস্থলে যোগদান না করায় ১৪ জন শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে আরও চারজন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, হাবিপ্রবিতে বর্তমানে প্রায় ৩৯২ জন শিক্ষক কর্মরত রয়েছেন। এর মধ্যে উচ্চশিক্ষা ও প্রশিক্ষণের জন্য ৬৯ জন শিক্ষক শিক্ষা ছুটিতে রয়েছেন। তাদের মধ্যে ৫২ জন বিদেশে এবং ১৭ জন দেশে অবস্থান করছেন। তবে ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও অন্তত ১৮ জন শিক্ষক কর্মস্থলে যোগদান করেননি।
বিশ্ববিদ্যালয়ের Discipline and Appeal Rules-2004 এর ৪.১ (f) ধারা অনুযায়ী অনুপস্থিত ১৪ জন শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত (Dismissal from Service) করা হয়েছে। এছাড়া ছুটিকালীন প্রাপ্ত বেতন সুদসহ বিশ্ববিদ্যালয়ে ফেরত নেওয়া হয়েছে। ইতোমধ্যে চাকরিচ্যুত শিক্ষকরা কয়েক কোটি টাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পরিশোধ করেছেন। যারা এখনো বকেয়া পরিশোধ করেননি, তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।
প্রশাসন আরও জানায়, চাকরিচ্যুত শিক্ষকদের অডিট আপত্তিসহ বিশ্ববিদ্যালয়ের সকল আর্থিক পাওনা ৩০ দিনের মধ্যে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করলে Public Demand Recovery (PDR) আইনের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র বলছে, দেশে না ফেরার কারণ হিসেবে অনেক শিক্ষক বিদেশে স্থায়ী চাকরি কিংবা গবেষণায় যুক্ত থাকার কথা জানিয়েছেন। তবে রাজনৈতিক পটপরিবর্তনের কারণে দেশে ফেরেননি এমন কোনো তথ্য প্রশাসনের কাছে নেই।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু হাসান বলেন, বর্তমান প্রশাসন শিক্ষা ছুটি শেষে শিক্ষকদের কর্মস্থলে ফিরিয়ে আনার বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। যারা নিয়ম অনুযায়ী ফিরে আসেননি, তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা চাই শিক্ষকরা বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার অভিজ্ঞতা অর্জন করে দেশে ফিরে শিক্ষার্থীদের মাঝে সেই জ্ঞান ছড়িয়ে দিন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান আরও সমৃদ্ধ হবে।
মন্তব্য করুন