আরসিটিভি ডেস্ক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সংঘবদ্ধ হানিট্র্যাপ চক্রের এক নারীসহ তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় জিম্মি দশা থেকে এক যুবককে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার দরবস্ত ইউনিয়নের সিংজানি (কালিতলা) এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন – উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সুন্দইল এলাকার আবু সাঈদ লিমনের স্ত্রী রমীম আক্তার রিপা (২৫), কামারদহ ইউনিয়নের বকশীচর এলাকার মৃত নইবরের ছেলে মোস্তফা (৪৫) এবং গুমানীগঞ্জ ইউনিয়নের বালুভরা এলাকার মৃত রমজান আলীর ছেলে শহিদুল ইসলাম (৩৮)।
জানা গেছে, একজন যুবককে উপজেলার দরবস্ত ইউনিয়নের কালিতলা এলাকায় একটি ভাড়া বাসায় হাত-পা বেঁধে টাকার জন্য নির্যাতন করার সময় তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে। তখন তারা ভিকটিমের কাছে পুরো ঘটনাটি শুনে তাকে উদ্ধার করে এবং হানিট্র্যাপ চক্রের সদস্যদের ঘরের ভেতর অবরুদ্ধ করে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে চক্রের তিন সদস্যকে আটক করে থানায় নিয়ে যায়।
নাম না প্রকাশ করার শর্তে ভিকটিম জানান, রমীম আক্তার রিপা সুকৌশলে মুঠোফোনের মাধ্যমে তাকে বাড়িতে ডাকে। সকাল ১১টার দিকে তার বাড়ির সামনে গেলে শয়নকক্ষের ভেতরে ডেকে নিয়ে গোপনে মোবাইলে কিছু ভিডিও ধারণের চেষ্টা করে। এতে আপত্তি জানালে তখন মোস্তফা ও শহিদুল জোরপূর্বক ঘরে ঢুকে তার কাছে টাকা দাবি করে। তারা ভয় দেখায়, টাকা না দিলে মোবাইলে দু’জনের ভিডিও ধারণ করে ইন্টারনেটে ভাইরাল করে দিবে। সে টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তারা মারধর শুরু করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, গ্রেফতার তিনজন উপজেলার বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে হানিট্রাপের মাধ্যমে লোকজনকে আটকে রেখে নির্যাতন ও টাকা আদায় করে আসছিল। আজ পুলিশ তাদের গ্রেফতার করেছে।
তিনি আরও জানান, এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন