গাইবান্ধা প্রতিনিধি 

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নে ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে অভিযান চালিয়ে রং ও ক্ষতিকর রাসায়নিক মেশানো প্রায় ৬০ মণ হলুদ ও মরিচের গুঁড়া জব্দ করে ধ্বংস করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী পারভীন বেগমকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২৪ মে) বেলা ১১টার দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বকশিগঞ্জ এলাকার বড় ছত্রগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খালেক পাইকারের হলুদ মিলে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন গাইবান্ধা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন। এ সময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মিলন মিয়া, র্যাবের উপ-সহকারী পরিচালক জিয়াদ হাসানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম রং ও রাসায়নিক উপাদান ব্যবহার করে হলুদ ও মরিচের গুঁড়া উৎপাদন ও বাজারজাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে প্রায় ৬০ মণ ভেজাল পণ্য জব্দ করা হয়। পরে সেগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়, যাতে পুনরায় বাজারে প্রবেশ করতে না পারে।
সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন