স্পোর্টস ডেস্ক 

দীর্ঘ বিরতির পর আবারও উরুগুয়ের জার্সিতে দেখা যেতে পারে লুইস সুয়ারেজকে। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে জাতীয় দলে ফেরার দরজা খোলা রেখেছেন অভিজ্ঞ এই স্ট্রাইকার।
২০২৪ সালের সেপ্টেম্বরে জাতীয় দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন সুয়ারেজ। সে সময় তিনি কোচ মার্সেলো বিয়েলসার বিরুদ্ধে ড্রেসিংরুমে বিভাজন তৈরির অভিযোগ তুলেছিলেন।
তবে এবার নিজের অবস্থান কিছুটা নরম করেছেন উরুগুয়ের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।
সুয়ারেজ বলেছেন, ‘জাতীয় দল যদি আমাকে প্রয়োজন মনে করে, বিশেষ করে বিশ্বকাপের মতো টুর্নামেন্ট সামনে থাকলে, আমি কখনো না বলব না।’
তিনি আরো জানান, তরুণদের সুযোগ করে দিতেই সরে দাঁড়িয়েছিলেন। পাশাপাশি অতীতে কিছু মন্তব্যের জন্য দুঃখ প্রকাশও করেছেন এই ফরোয়ার্ড।
সাবেক লিভারপুল ও বার্সেলোনা তারকা আন্তর্জাতিক ফুটবেলে ১৪৩ ম্যাচে করেছেন ৬৯ গোল। ২০১০ সাল থেকে চারটি বিশ্বকাপে খেলেছেন তিনি।
বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেলছেন ৩৯ বছর বয়সী এই স্ট্রাইকার।
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে বিশ্বকাপ।
‘এইচ’ গ্রুপে উরুগুয়ের প্রতিপক্ষ সৌদি আরব, কেপ ভার্দে ও স্পেন।
মন্তব্য করুন