দিনাজপুর প্রতিনিধি 

দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও নাটোরের লালপুর থানা পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি রিভলবার, ৬ রাউন্ড তাজা গুলি, ২টি গিয়ার চাকু এবং প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন ও সিমকার্ডসহ এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুর জেলার পুলিশ সুপার মো.জেদান আল মুসা, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং ডিবি দিনাজপুরের অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর, পিপিএম-এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম ও লালপুর থানা পুলিশের সমন্বয়ে মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিরোপাড়া মহল্লায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আরিফ হোসেন (২৭) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়। তিনি বিরোপাড়া এলাকার বাসিন্দা। এসময় তার কাছ থেকে “Made in Pakistan” লেখা একটি বিদেশি রিভলবার, তাতে লোড করা ৬ রাউন্ড তাজা গুলি এবং একটি ১৩.৫ ইঞ্চি লম্বা গিয়ার চাকু উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে অপর আসামি বিজয় ইসলাম (২২) পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি গিয়ার চাকু ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে সেটিও উদ্ধার করা হয়।
এছাড়া গ্রেফতারকৃত আসামির বাড়িতে তল্লাশি চালিয়ে Xiaomi HyperOS ও Vivo V30 মডেলের ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং বিভিন্ন মোবাইল অপারেটরের ১৫টি সিমকার্ড জব্দ করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত ও পলাতক আসামিরা পরস্পর যোগসাজশে দিনাজপুর জেলার পুলিশ সুপারের ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে “MD Jalal Si” নামের একটি হোয়াটসঅ্যাপ আইডি খুলে বিভিন্ন মোবাইল নম্বরের মাধ্যমে ডিজিটাল প্রতারণা ও অর্থ আত্মসাৎ করে আসছিল।
পুলিশ আরও জানায়, এই চক্রটি শুধু দিনাজপুর নয়, দেশের বিভিন্ন এলাকায় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা চালিয়ে আসছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত, পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নাটোরের লালপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন