নীলফামারী প্রতিনিধি 

নীলফামারীর সৈয়দপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি গোডাউনঘর ও দুটি ব্যাংকের আসবাবপত্র পুড়েছে। এতে আনুমানিক ১০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার (২ মার্চ) দুপুর ১ টার দিকে শহরের ডা জিকরুল হক রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুরের দিকে ডা জিকরুল রোডের ঢাকা ব্যাংকের পাশে তুলার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে সেটি ছড়িয়ে পরে ঢাকা ব্যাংকের ভবনে পৌঁছায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ঢাকা ব্যাংকের ভবনে ছড়িয়ে পরে। এতে ঢাকা ব্যাংকসহ ভবনের পাঁচ তলার ডিএমসিবি ব্যাংকের আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের আট টি ইউনিট দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মিজানুর রহমান নামে এক ব্যবসায়ী বলেন, হঠাৎ করে দুপুরের দিকে ধোয়া উঠতে থাকে কিছু বুঝার আগেই আগুন চারিদিকে ছড়িয়ে যায়। এতে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।
আরেক ব্যবসায়ী লোকমান হোসেন বলেন, আমাদের সব মিলিয়ে প্রায় ১০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হবে বলে ধারণা করছি। শহরে আগুন নির্বাপণের ব্যবস্থা না থাকার কারণে আগুন নেভাতে হিমশিম খেতে হয়েছে ।
এবিষয়ে ফায়ার সার্ভিসের রংপুর বিভাগীয় উপপরিচালক আনোয়ারুল হক বলেন, তুলার গোডাউনে থেকে আগুন ছড়িয়ে পাশের ভবনে পৌঁছায়। সেখানে থাকা দুটি ব্যাংকের আসবাবপত্র পুড়ে গেছে। আমরা ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছি। ভবনে আগুন নির্বাপণের কোন ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। কয়েকজন আটকা পরেছিলো তাদের উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোন আহত কিংবা নিহতের খবর পাইনি। আগুন লাগার কারণ আমরা এখনো নিশ্চিত না তদন্ত করে সেটা বলা যাবে।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকলিমা বলেন, আগুন লাগার পরে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। খোঁজ খবর নিয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে।
মন্তব্য করুন