শীতের ঠাণ্ডা থেকে রক্ষা পেতে প্রতিটি ঘরে লেপ ও কম্বল অপরিহার্য। তবে এগুলো ভারী হওয়ায় ধোয়া বা পরিষ্কার করা বেশ ঝামেলার কাজ। তাই লেপ-কম্বল পরিষ্কার ও যত্নে রাখতে কিছু কার্যকরী পদ্ধতি অনুসরণ করতে পারেন।
লেপ বা কম্বল নোংরা হওয়া থেকে রক্ষা করতে একটি কভার পরিয়ে রাখতে পারেন। এতে সহজে ময়লা জমবে না এবং পরিষ্কার রাখা সহজ হবে। কিছু দিন ব্যবহারের পর কভারটি আলাদা করে ধুয়ে নিলেই চলবে।
লেপ বা কম্বল ব্যবহারের পর খোলা জায়গায় নিয়ে ভালোভাবে ঝেড়ে নিন। এতে ভেতরে জমে থাকা ধুলোবালি ও ময়লা দূর হয়ে যাবে।
যদি ভ্যাকুয়াম ক্লিনার থাকে, তবে এটি ব্যবহার করে লেপ বা কম্বলের ধুলো ও ময়লা সহজেই পরিষ্কার করতে পারেন।
পুরোনো লেপ বা কম্বল থেকে যদি দুর্গন্ধ আসে, তাহলে ওপরে বেকিং সোডা ছড়িয়ে দিন। ৩০ মিনিট রেখে আলতোভাবে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করুন। এতে দুর্গন্ধ দূর হবে।
লেপ-কম্বল পরিষ্কার করার পর রোদে শুকিয়ে নিন। রোদের তাপে জীবাণু ও ছত্রাক ধ্বংস হয়ে যাবে, ফলে কম্বল আরও স্বাস্থ্যকর থাকবে।
যদি কোনো নির্দিষ্ট স্থানে দাগ লাগে, তাহলে পানিতে ডিটারজেন্ট মিশিয়ে দাগের ওপর আলতোভাবে ঘষে স্পট ক্লিনিং করুন। এতে দাগ সহজেই উঠে যাবে।
উপরোক্ত পদ্ধতিগুলো নিয়মিত অনুসরণ করলে লেপ ও কম্বল দীর্ঘদিন ধরে ব্যবহার করা সম্ভব। পরিষ্কার-পরিচ্ছন্ন লেপ-কম্বল শুধু আরামদায়ক নয়, স্বাস্থ্যকরও বটে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
কপিরাইট © RCTV. সর্বস্বত্ব সংরক্ষিত।