সচিবালয় ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-সহ প্রশাসনের বিভিন্ন স্তরে সক্রিয় দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদী আমলাদের অপসারণের দাবিতে ‘ফ্যাসিবাদ উৎখাত যাত্রা’ শিরোনামে কর্মসূচি পালন করছে জুলাই মঞ্চ।
মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ের বিপরীত পাশে অবস্থান কর্মসূচিতে অংশ নেয় সংগঠনটি। এর আগে সোমবার (২৬ মে) থেকেই এই কর্মসূচি শুরু হয়। তাদের দাবি, দেশের প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদী ও দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের দ্রুত অপসারণ করতে হবে।
এদিকে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদনের প্রতিবাদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই প্রেক্ষাপটে সচিবালয় চত্বরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে সোয়াট ও বিজিবির সদস্যদের।
সকাল থেকে সচিবালয়ের মূল ফটকে দেখা যায়, আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করছেন। কেবলমাত্র সচিবালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে; সাংবাদিকসহ বাইরের কেউ প্রবেশের সুযোগ পাননি।
এর আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ে সব ধরনের দর্শনার্থীর প্রবেশ নিষিদ্ধ থাকবে। জননিরাপত্তা বিভাগ থেকে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়।
প্রসঙ্গত, সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর বিরুদ্ধে টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ের প্রধান ফটক আটকে সোমবারও বিক্ষোভ করেন বিভিন্ন দপ্তরের কর্মচারীরা। মঙ্গলবারও বিক্ষোভ মিছিলের ঘোষণা রয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
কপিরাইট © RCTV. সর্বস্বত্ব সংরক্ষিত।