রংপুরের গংগাচড়া উপজেলায় গৃহবধূ সালেহা বেগম হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড, একজনকে এক বছরের এবং আরও তিনজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী, ২০১৮ সালের ৯ মার্চ দুপুরে গংগাচড়া মডেল থানার মৌভাষা বামনটারী চর এলাকায় সালেহা বেগমের ছেলে সাজু মিয়া বাড়ির পাশের টয়লেট থেকে বের হওয়ার সময় আসামিরা তাকে এলোপাতাড়ি মারধর করেন। ছেলেকে রক্ষা করতে গিয়ে সালেহা বেগম ও তার স্বামী আক্রান্ত হন। এ সময় আসামি বুলবুল ধারালো দা দিয়ে সালেহা বেগমের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর নিহতের স্বামী মঞ্জুম আলী গংগাচড়া থানায় আটজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আফতাব উদ্দিন জানান, আদালত মৃত মোজাম্মেল ওরফে মোজাম শেখের ছেলে বুলবুলকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। নুরুল আমিন (পিতা মৃত মোজাম শেখ) – ১ বছর সশ্রম কারাদণ্ড আফরোজা বেগম (নুর আলমের স্ত্রী), নুর আলম (মৃত মোজাম শেখের ছেলে) এবং লাল মিয়া – প্রত্যেকে ৬ মাস সশ্রম কারাদণ্ড
এ মামলায় অপর তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আসামিপক্ষের আইনজীবী আব্দুল হক প্রামাণিক রায়ের বিরুদ্ধে আপত্তি জানিয়ে বলেন,
“আমার মক্কেলরা ন্যায্য বিচার থেকে বঞ্চিত হয়েছেন। আমরা উচ্চ আদালতে আপিল করব।”
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
কপিরাইট © RCTV. সর্বস্বত্ব সংরক্ষিত।