মুম্বাইয়ের বান্দ্রার বাসায় যখন সাইফ আলী খান হামলার শিকার হন, তখন বাসায় ছিলেন না তার মেয়ে সারা আলী খান। অনেক পরে খবর পেয়ে হতবাক হয়ে পড়েছিলেন তিনি। বলিউড অভিনেতা বাবার এমন দুঃসংবাদ শুনে নিজেকে সামলাতে পারেননি সারা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সারা জানান, প্রথম খবরটি শোনার পর তিনি ১৫-২০ মিনিটের জন্য একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিলেন। তার ভাষায়, ‘আমি পুরোপুরি ফ্রিজ হয়ে গিয়েছিলাম। জানতাম না কী হতে যাচ্ছে। তবে আমরা সৌভাগ্যবান যে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। হাসপাতালে যখন আপডেট আসছিল, সেই ১৫-২০ মিনিট আমার কাছে যেন এক যুগ মনে হচ্ছিল।’
১৬ জানুয়ারি দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হওয়ার পর থেকেই সাইফের অবস্থা নিয়ে উদ্বেগে ছিলেন সারা। তবে যখন তার বাবা সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন, তখন স্বস্তি পান তিনি। সারা বলেন, ‘এটাই তিনি। দুর্দান্ত একজন পিতা। চার সন্তানের বাবা, তাকে ঠিক থাকতেই হতো। তিনি সবসময় একজন ফাইটার। আমি কখনও তাকে হাল ছাড়তে দেখিনি।’
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি গভীর রাতে মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাড়িতে দুষ্কৃতকারীদের হাতে আক্রান্ত হন সাইফ আলী খান। পরে তাকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে সফল অস্ত্রোপচারের পর তাকে আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে নেওয়া হয়। পাঁচ দিন হাসপাতালে থাকার পর তিনি বাড়ি ফেরেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
কপিরাইট © RCTV. সর্বস্বত্ব সংরক্ষিত।