ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় শিশুদের ‘বন্দুক’ বা ‘গ্রেনেড’ ধরার অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকরের পরামর্শ দিয়েছেন অস্ট্রিয়ায় নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ডেভিড রোয়েট।
অস্ট্রিয়ার ইনসব্রুকে ইহুদি সম্প্রদায়ের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে তিনি এই বক্তব্য দেন। তবে তিনি গাজার শিশুদের অস্ত্র বহনের কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি। বৈঠকে গোপনে রেকর্ড করা একটি ভিডিও ফাঁস হওয়ার পর এই তথ্য সামনে আসে।
মঙ্গলবার (২৫ মার্চ) মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ করে।
এদিকে, মিডল ইস্ট আই জানায়, গত ১৮ মার্চ ভোরে গাজা উপত্যকায় ইসরাইলি দখলদার বাহিনীর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের দুদিন পর এই ভিডিওটি রেকর্ড করা হয়।
গাজায় বেসামরিক হতাহতের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগকে উড়িয়ে দিয়ে ডেভিড রোয়েট বলেন,
“আপনারা বিশ্বাস করছেন যে ইসরাইল ইচ্ছাকৃতভাবে শিশুদের লক্ষ্যবস্তু করছে, যা সঠিক নয়।”
তবে জাতিসংঘের শিশু-বিষয়ক সংস্থা ইউনিসেফ-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের অক্টোবরে গণহত্যা শুরুর পর থেকে ইসরাইলি দখলদার বাহিনী গাজায় ১৪,৫০০-এরও বেশি শিশুকে হত্যা করেছে। বর্তমানে নিহত শিশুর সংখ্যা বেড়ে ১৫,৬১৩ জনে পৌঁছেছে।
মিডল ইস্ট আই-এর প্রতিবেদনে বলা হয়, ভিডিওটি ফাঁসকারী এক অজ্ঞাতনামা কর্মী বলেন,
“ডেভিড রোয়েট যখন শিশুদের মৃত্যুদণ্ডের পরামর্শ দিচ্ছিলেন, তখন তার কণ্ঠস্বর ছিল শান্ত। এটি আমাকে প্রচণ্ডভাবে নাড়া দিয়েছে। আরও ভয়ঙ্কর ছিল, উপস্থিত কেউ এতে আপত্তি করেনি। যখন ক্ষমতাধর ব্যক্তিরা সমাধান হিসেবে যুদ্ধাপরাধের পরামর্শ দেন, তখন বুঝতে হয়—পরিস্থিতি কতটা কলুষিত।”
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
কপিরাইট © RCTV. সর্বস্বত্ব সংরক্ষিত।