অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল ১৯৭১ সালে অর্জিত স্বাধীনতাকে রক্ষার লড়াই। বুধবার মহান স্বাধীনতা দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সাথে আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
আসিফ মাহমুদ বলেন, "একাত্তরে আমরা রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু গত ১৬ বছরে স্বাধীনতার মূল চেতনাকে ধ্বংস করা হয়েছে। শুধু ভূখণ্ডের স্বাধীনতা যথেষ্ট নয়, প্রতিটি নাগরিককে যখন তার মত প্রকাশের স্বাধীনতা, বাকস্বাধীনতা নিশ্চিত হবে, তখনই প্রকৃত স্বাধীনতা আসবে। ২০২৪ সালের অভ্যুত্থান সেই স্বাধীনতাকে রক্ষার সংগ্রাম ছিল।"
তিনি আরও যোগ করেন, "২০২৪ সালের রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান ৭১-এর স্বাধীনতাকে টিকিয়ে রাখার লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ ধাপ। আমরা নিশ্চিত করেছি, ভবিষ্যতেও বাংলাদেশে এই স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে এবং কেউ এদেশের মানুষকে পরাধীন বোধ করতে বাধ্য করতে পারবে না।"
এসময় উপস্থিত বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, "জনগণের কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে জাতীয় ঐক্যমত গড়ে তোলা প্রয়োজন। সকল রাজনৈতিক দলকে দলীয় ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে কাজ করতে হবে।"
উল্লেখ্য, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
কপিরাইট © RCTV. সর্বস্বত্ব সংরক্ষিত।