স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণ মামলায় জড়িতদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার কোনো ছাড় দেবে না।’ শনিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
উপদেষ্টা আরও বলেন, ‘একটি শ্রেণি ধর্মকে ব্যবহার করে নারীদের হয়রানি করার চেষ্টা করছে। কিন্তু ধর্ম কখনোই এ ধরনের কাজকে সমর্থন করে না। নারীদের হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নেবে এবং তাদের কোনো ছাড় দেওয়া হবে না।’
অনুষ্ঠানে সারা দেশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্বাবলম্বী নারীদের সাফল্য ও অবদানের প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এছাড়া নারীদের অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে এলজিইডির আওতাধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপদেষ্টা আসিফ মাহমুদ নারীদের অধিকার রক্ষা ও সমাজে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। নারীদের প্রতি সহিংসতা ও হয়রানির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আমরা চাই নারীরা সমাজের প্রতিটি ক্ষেত্রে নিরাপদ ও সম্মানিতভাবে নিজেদের ভূমিকা রাখুক।’
নারী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নারীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন এবং এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
কপিরাইট © RCTV. সর্বস্বত্ব সংরক্ষিত।