চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো পর্বের প্রথম লেগে আর্সেনাল পিএসভি আইন্দহফেনকে ৭-১ গোলে বিশাল ব্যবধানে পরাজিত করে নতুন রেকর্ড গড়েছে। মঙ্গলবার রাতে পিএসভির মাঠ ফিলিপস স্টেডিয়ানে অনুষ্ঠিত ম্যাচে আর্সেনাল প্রথমার্ধে ৩ গোল এবং দ্বিতীয়ার্ধে আরও ৪ গোল করে চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে নকআউট পর্বে প্রতিপক্ষের মাঠে ৭ গোল করার প্রথম দল হিসেবে নাম লেখায়।
১৮ বছর আগে চ্যাম্পিয়ন্স লিগে পিএসভির কাছে পরাজিত হয়ে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল আর্সেনাল। এবার সেই পিএসভিকেই তাদের নিজেদের মাঠে রীতিমতো বিধ্বস্ত করে কোয়ার্টার-ফাইনালে এক পা এগিয়ে রাখল মিকেল আর্তেতার দল।
প্রথমার্ধে আর্সেনালের জুরিয়েন টিমবার ১৮ মিনিটে প্রথম গোলটি করেন। এর মাত্র তিন মিনিট পর ইথান নোয়ানেরি স্কোরলাইন ২-০ তে নিয়ে যান। ৩১ মিনিটে মিকেল মেরিনোর গোলে আর্সেনালের ব্যবধান ৩-০ এ পৌঁছায়। তবে ৪৩ মিনিটে পিএসভি পেনাল্টি থেকে গোল করে স্কোরলাইন ৩-১ এ নিয়ে আসে। টমাস পার্টির বক্সে লুক ডি ইয়ংকে ফেলে দেওয়ায় রেফারি পেনাল্টি দেন, যা থেকে নোয়া ল্যাং পিএসভির একমাত্র গোলটি করেন।
দ্বিতীয়ার্ধে আর্সেনাল আরও জোরালোভাবে আক্রমণ চালায়। ৪৭ মিনিটে মার্টিন ওডেগার্ড এবং ৪৮ মিনিটে লিয়ান্দ্রো ত্রোসারের গোলে আর্সেনালের ব্যবধান ৫-১ এ পৌঁছায়। ৭৩ মিনিটে ওডেগার্ড নিজের দ্বিতীয় গোলটি করেন। এরপর ৮৫ মিনিটে কালাফিওরি সপ্তম গোলটি করে পিএসভির কফিনে শেষ পেরেক ঠুকে দেন।
চোটের কারণে এই ম্যাচে আর্সেনালের বুকায়ো সাকা, গ্যাব্রিয়েল জেসুস এবং গ্যাব্রিয়েল মার্তিনেল্লি অনুপস্থিত ছিলেন। তাদের অনুপস্থিতি এবং প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে জয়হীন থাকার হতাশা কাটিয়ে আর্সেনাল এই জয়ের মাধ্যমে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে।
এই জয়ের মাধ্যমে আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উত্তীর্ণ হওয়ার দিকে একধাপ এগিয়ে আছে। দ্বিতীয় লেগে পিএসভিকে হারিয়ে বা ড্র করলেই শেষ আটে জায়গা পাবে আর্তেতার দল।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
কপিরাইট © RCTV. সর্বস্বত্ব সংরক্ষিত।