লালমনিরহাটে বিকাশ-নগদ এজেন্ট ও ব্যবহারকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগে তারেক উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে লালমনিরহাট সদর উপজেলার বিডিআর গেট এলাকার খান হোটেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক তারেক উদ্দিন কক্সবাজারের রামু উপজেলার ধলিরছড়া এলাকার সেলিম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, বিকাশে প্রতারণার অভিযোগে অভিযুক্ত তারেক উদ্দিন লালমনিরহাটে অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদ ও তার মোবাইল ফোন যাচাই করে পুলিশ জানতে পারে, তারেক উদ্দিনের বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ১০ থেকে ১৫টি প্রতারণার মামলা রয়েছে। এসব মামলার কার্যক্রম চলমান রয়েছে বলেও জানায় পুলিশ।
সদর থানার অফিসার ইনচার্জ সাদ আহমেদ জানান, তারেক উদ্দিন বিভিন্ন এলাকায় বিকাশ ও নগদের এজেন্টদের ব্যাংক কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করতেন। প্রথমে এজেন্টদের সঙ্গে বিভিন্নভাবে কথা বলে বিশ্বাস অর্জন করতেন। পরে এফডিআরসহ বিভিন্ন বিষয় উল্লেখ করে এজেন্টদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নিতেন।
এদিকে, আটক তারেক উদ্দিনের মোবাইল ফোন যাচাই করে বিভিন্ন জুয়া অ্যাপ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় প্রতারণার মামলার পাশাপাশি তার বিরুদ্ধে জুয়া আইনে আরও একটি মামলা করা হবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.