জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১৩ বস্তা সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) সদস্যরা। সোমবার (৩১ আগস্ট) ভোরে দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ১৩ বস্তা সার জব্দ করা হয়।
সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে.কর্নেল হাসানুর রহমান।
বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার ভোরে পাথরের চর সীমান্ত দিয়ে ভারতে সার পাচার করা হচ্ছে এমন খবর পেয়ে পাথরের চর বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৮ বস্তা ইউরিয়া সার, ৩ বস্তা টিএসপি সার ও ২ বস্তা ডিএপি সারসহ মোট ১৩ বস্তা সার জব্দ করেন। এসময় কাউকে আটক করতে পারেননি বিজিবি। বিজিবি আরও জানায়, সার উদ্ধারের ঘটনায় বিজিবির পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.