লালমনিরহাটের আদিতমারী উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে অবৈধ পথে অস্ত্রের চোরাচালান হওয়ার সম্ভাবনা সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে গত ৩০ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি-এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল দিঘলটারী বিওপির আওতাধীন সীমান্ত এলাকার ডিগ্রির চর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে ওই এলাকায় পলিথিনে মোড়ানো অবস্থায় একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, অস্ত্র চোরাচালানের সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আদিতমারী থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.