নরসিংদীতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে পাইকারি ও খুচরা সবজির বাজারে। টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় সবজি উৎপাদন কমে যাওয়ায় বাজারে সরবরাহ কমেছে। এতে এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে।
জেলার বিভিন্ন পাইকারি হাটে ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকাররা সবজি কিনতে ভিড় করছেন। কৃষকদের কাছ থেকে সরাসরি সবজি সংগ্রহ করে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা তা বিভিন্ন বাজারে বিক্রি করছেন।
বর্তমানে পাইকারি বাজারে প্রতি কেজি আলু ২৫ টাকা, পেঁয়াজ ৪০ থেকে ৫০ টাকা, লম্বা শিম ৯০ থেকে ১০০ টাকা, বেগুন ৮০ থেকে ৯০ টাকা, ঢেঁড়স ৭০ থেকে ৮০ টাকা, কাঁচা মরিচ ২৫০ টাকা এবং টমেটো ১০০ থেকে ১১৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া করলা ৮০ থেকে ৯০ টাকা ও ফুলকপি ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে খুচরা বাজারে প্রতি কেজি আলু ৩৫ টাকা, পেঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকা, ঢেঁড়স ৯০ থেকে ১০০ টাকা, বেগুন ১০০ টাকা, লম্বা শিম ১০০ থেকে ১২০ টাকা, কাঁচা মরিচ ৩৩০ টাকা এবং টমেটো ১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। মিষ্টি লাউ বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৯০ টাকা কেজি দরে।
ক্রেতাদের অভিযোগ, উৎপাদন কমার সুযোগ নিয়ে এক শ্রেণির মধ্যস্বত্বভোগী অতিরিক্ত মুনাফা করছেন। এতে নিম্ন ও মধ্যআয়ের মানুষের সংসারে বাড়তি চাপ তৈরি হয়েছে।
তবে কৃষকরা বলছেন, উৎপাদন কমে যাওয়ায় কাঙ্ক্ষিত পরিমাণে লাভ করতে পারছেন না অনেকেই। টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকার সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বাজারে দাম বাড়লেও উৎপাদন কম থাকায় কৃষকদের অনেকে এর সুফল পুরোপুরি পাচ্ছেন না।
কৃষকদের দাবি, কৃষিযন্ত্র, ডিজেল, সার ও কীটনাশকের দাম কমাতে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর নরসিংদীতে সবজির আবাদ বেড়েছে। এখানকার উৎপাদিত সবজির মান ভালো হওয়ায় দেশের বিভিন্ন জেলার পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে। উৎপাদন ও রপ্তানি আরও বাড়াতে কৃষি বিভাগ কাজ করছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.