বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন লালমনিরহাটের তিস্তা ব্যারাজ পরিদর্শন করেছেন।
রোববার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে তিনি তিস্তা ব্যারাজ এলাকায় পৌঁছান। পরে ব্যারাজের বিভিন্ন অংশ পায়ে হেঁটে ঘুরে দেখেন। এ সময় তিনি তিস্তা নদী, ব্যারাজের বিভিন্ন স্থাপনা ও আশপাশের এলাকা পরিদর্শন করেন।
মার্কিন রাষ্ট্রদূতের তিস্তা ব্যারাজ পরিদর্শনকে ঘিরে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তার সফরসূচিতে তিস্তা ব্যারাজ পরিদর্শন অন্তর্ভুক্ত ছিল।
তিস্তা ব্যারাজ উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ একটি সেচ অবকাঠামো। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানী এবং নীলফামারীর ডালিয়া এলাকার মধ্য দিয়ে প্রবাহিত তিস্তা নদীর ওপর এটি নির্মিত। সেচ ও পানি ব্যবস্থাপনায় উত্তরাঞ্চলের কৃষির জন্য ব্যারেজটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
এর আগে রোববার সকালে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিন দিনের উত্তরবঙ্গ সফরে তিনি লালমনিরহাট ছাড়াও পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দর্শনীয় স্থান পরিদর্শন করবেন।
সফরসূচি অনুযায়ী, প্রথম দিন লালমনিরহাটের তিস্তা ব্যারাজ ও পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনের কর্মসূচি রয়েছে। পরবর্তী সময়ে তিনি উত্তরবঙ্গের অন্যান্য জেলার বিভিন্ন স্থাপনা ঘুরে দেখবেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.