চোটের দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না নেইমার জুনিয়রকে। ডান উরুর পেশিতে চোট পাওয়ায় চার থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে ব্রাজিলিয়ান তারকাকে। এমনটাই জানিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো।
বৃহস্পতিবার কোপা দো ব্রাজিলের ম্যাচে পালমেইরাসের বিপক্ষে খেলতে গিয়ে উরুতে অস্বস্তি অনুভব করেন নেইমার। শুক্রবার করা মেডিকেল পরীক্ষায় নেইমারের ডান উরুর রেক্টাস ফেমোরিস পেশিতে টাইপ ২বি ইনজুরি ধরা পড়েছে।
এই ধরনের চোট সারতে সাধারণত চার থেকে আট সপ্তাহ সময় লাগে। তবে নেইমারের চোটের সঠিক মাত্রার ওপরই নির্ভর করবে তার ফেরার সময়। আপাতত প্রায় দুই মাস মাঠের বাইরে থাকার আশঙ্কাই বেশি।
সান্তোসে ফেরার পর থেকেই চোট নেইমারের পিছু ছাড়ছে না। গত বছরের জানুয়ারিতে ক্লাবটিতে ফেরার পর বাম উরু, একই ডান রেক্টাস ফেমোরিস, বাম হাঁটুর মেনিস্কাস এবং ডান কাফে চোট পেয়েছেন তিনি। সবশেষ চোটের আগে ও বিশ্বকাপ চলাকালীনও কাফের সমস্যায় ভুগেছিলেন।
আরেকটি বিষয়ও সান্তোসের দুশ্চিন্তা বাড়াচ্ছে—এখন পর্যন্ত কোনো চোট থেকেই নির্ধারিত সময়ের আগে ফিরতে পারেননি নেইমার। অনেক ক্ষেত্রেই তাকে সর্বোচ্চ অনুমান করা সময় কিংবা তার চেয়েও বেশি সময় মাঠের বাইরে থাকতে হয়েছে। তাই এবারও তার ফেরার ক্ষেত্রে তাড়াহুড়ো করতে চাইছে না ক্লাবটি।
রোববার ইন্টারন্যাসিওনালের বিপক্ষে নেইমারকে ছাড়াই মাঠে নামতে হবে সান্তোসকে। তার অনুপস্থিতি ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে অবনমন এড়ানোর লড়াইয়ে থাকা সান্তোসের জন্য বড় ধাক্কা। কোপা সুদামেরিকানার কোয়ার্টার ফাইনালেও খেলতে পারবেন না নেইমার।
এদিকে নেইমারের পাশাপাশি আরও দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারিয়েছে সান্তোস। ডান গোড়ালির মচকে যাওয়ার কারণে ইন্টারন্যাসিওনালের বিপক্ষে খেলতে পারবেন না ডিফেন্ডার লুকাস ভেরিসিমো। পালমেইরাসের বিপক্ষে ম্যাচেই চোট পেয়েছেন তিনি।
আরেক ফরোয়ার্ড আলভারো বারেয়ালও একই ম্যাচে চোট পেয়েছেন। বাম উরুর পেছনের অংশে ব্যথা অনুভব করার পর পরীক্ষায় তার বাইসেপস ফেমোরিস পেশিতে টাইপ ২এ টিয়ার ধরা পড়েছে। নেইমারের মতো ভেরিসিমো ও বারেয়ালও ইতোমধ্যে ক্লাবের মেডিকেল সেন্টারে চিকিৎসা শুরু করেছেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
কপিরাইট © RCTV. সর্বস্বত্ব সংরক্ষিত।