গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদকসেবীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও একজন পালিয়ে যায়।
পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), গাইবান্ধার নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৮ আগস্ট ২০২৬ তারিখে গাইবান্ধা সদর ও ফুলছড়ি থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানের একপর্যায়ে ফুলছড়ি থানাধীন ৩ নং উদাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর কাঠুর (বটের ভিটা) গ্রামের মো. রেজা মিয়ার বসতবাড়িতে অভিযান চালায় পুলিশ। ওই সময় তার শয়নকক্ষে ইয়াবা সেবন ও ক্রয়-বিক্রয়ের সময় মো. রেজা মিয়া (৩৯) ও মো.আয়নাল হক (৪০) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একই এলাকার মো. আনারুল ইসলাম (৩৫) শয়নকক্ষের জানালা দিয়ে কৌশলে পালিয়ে যায়।
পরে আটক রেজা মিয়ার দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের সামনের বাম পকেট থেকে একটি নীল রঙের জিপার প্যাকেটে থাকা ৫০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অপর আটক ব্যক্তি আয়নাল হকের দেহ তল্লাশি করে আরও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে সর্বমোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রেজা মিয়া (৩৯), পিতা মৃত ইনছার আলী, মাতা মোছা. জরিনা বেগম এবং মো. আয়নাল হক (৪০), পিতা মো. চাঁন মিয়া, মাতা মোছা. রাবেয়া খাতুন। তাদের উভয়ের বাড়ি ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের উত্তর কাঠুর (বটের ভিটা) এলাকায়।
এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামি ও পলাতক আসামির বিরুদ্ধে ফুলছড়ি থানায় মামলা নম্বর-০৯, তারিখ ২৯ আগস্ট ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি ১০(ক)/৩৬(৫)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের ফলে সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.