মানবসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারিত করার প্রত্যয়ে গাইবান্ধায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে আলোচনা সভা, নতুন সদস্য সংগ্রহ ও তহবিল সংগ্রহ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে শহরের একটি স্থানীয় রেস্তোরাঁয় ‘টুগেদার ইন হিউম্যানিটি, টুগেদার ইন হোপ’ প্রতিপাদ্য নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিট।
আন্তর্জাতিক সংস্থা আইএফআরসি ও সুইস রেড ক্রসের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে রেড ক্রিসেন্টের সদস্যসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ও রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের চেয়ারম্যান অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল করিম, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ, গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম. আবদুস্ সালাম, নির্বাহী সদস্য ডা. ফেরদৌস হোসেন মঞ্জু, শহিদুজ্জামান শহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার, রেডক্রিসেন্ট এর জেলা কর্মকর্তা সাইদুর হাসান শাওন।
বক্তারা বলেন, আর্তপীড়িত মানুষের পাশে দাঁড়ানো এবং যেকোনো দুর্যোগে সবার আগে মানবিক সাড়া দেওয়াই রেড ক্রিসেন্টের মূল লক্ষ্য। গাইবান্ধার পিছিয়ে পড়া ও দুর্যোগকবলিত মানুষের সহায়তায় মানবিক কাজের পরিধি বাড়াতে সমাজের বিত্তবান ও তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে নতুন আজীবন সদস্য অন্তর্ভুক্তি, শহরে মা ও শিশু হাসপাতাল স্থাপন, স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক জোরদার এবং মানবিক সহায়তা তহবিলের জন্য অর্থ সংগ্রহ করা হয়। পরে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এ সময় রেড ক্রিসেন্ট গাইবান্ধা ইউনিটের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
কপিরাইট © RCTV. সর্বস্বত্ব সংরক্ষিত।