গ্রীষ্মকালীন ট্রান্সফার মার্কেটের আর দিন দশেক বাকি। এরই মধ্যে হুলিয়ান আলভারেজকে ঘিরে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের রশি টানাটানি থেমে নেই। আতলেতিকোর দাবি—হুলিয়ান বিক্রিযোগ্য নন। বার্সেলোনা তাদের পছন্দের স্ট্রাইকারকে যেকোনো মূল্যেই চায়।
লা লিগার দুই জায়ান্ট টিমের টানাটানির মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় আলভারেজের ভবিষ্যৎ নিয়ে এক নতুন তথ্য সামনে এসেছে।
মেত্রোপোলিতানো স্টেডিয়ামের ক্লাব কর্তৃপক্ষ হঠাৎ করেই নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসে তাঁদের এই তারকা ফরোয়ার্ডকে বিক্রি করতে রাজি হয়েছে বলে জানা গেছে।
‘আতলেতিকোপ্লে’ সংগৃহীত তথ্যের ভিত্তিতে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’ নিশ্চিত করে জানিয়েছে, ‘আর্জেন্টাইন এই স্ট্রাইকার প্রকাশ্যে ও ক্লাবের ভেতরে—সব জায়গাতেই আতলেতিকো ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তাঁর এই স্পষ্ট বার্তা পাওয়ার পর ক্লাবের উচ্চপদস্থ কর্মকর্তারা দলবদলের বিষয়ে আলোচনায় বসতে সম্মত হয়েছেন।’
তবে এই আকস্মিক সিদ্ধান্তের পেছনে একটি বড় শর্ত রয়েছে। আতলেতিকো মাদ্রিদ কোনো অবস্থাতেই আলভারেজকে তাদের লা লিগার প্রতিদ্বন্দ্বী বার্সেলোনায় যোগ দিতে দেবে না। এর পরিবর্তে, ‘রোহিব্ল্যাঙ্কোস’ (আতলেতিকো) প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন দল আর্সেনালের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। দলবদলের শেষ মুহূর্তের আগেই ২৬ বছর বয়সী এই তারকাকে ইংল্যান্ডে ফিরিয়ে নিতে প্রবল আগ্রহ দেখাচ্ছে গানাররা।
অন্যদিকে, আলভারেজ নিজেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে মিকেল আরতেতার আর্সেনালে যোগ দেওয়ার ব্যাপারে তাঁর কোনো আগ্রহ নেই। তিনি একমাত্র বার্সেলোনাকেই তাঁর পরবর্তী ঠিকানা হিসেবে বেছে নিতে চান।
ট্রান্সফার উইন্ডো বন্ধ হতে বেশি দিন নেই। এর মধ্যেই স্পেনের রাজধানীতে নেপথ্যের নাটকে নতুন করে জট পাকানোর সব আভাস পাওয়া যাচ্ছে। শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়, আর আলভারেজ তার স্বপ্নের ক্লাবে যোগ দিতে পারবেন কিনা। সে জন্য অবশ্য অপেক্ষা করা ছাড়া উপায়ও নেই।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.