
নাটোরের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট আসমা শাহীনকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে জেলার লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) পৃথক দুটি আদেশে তাদের প্রত্যাহার ও বদলির বিষয়টি জানানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদ থেকে আসমা শাহীনকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বরমান হোসেন স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়।
অন্যদিকে, প্রশাসনিক প্রয়োজনে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহকে বদলি করে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার প্রীতিলতা বর্মণ স্বাক্ষরিত পৃথক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ দুটি মঙ্গলবার জারি করা হলেও বুধবার (১৯ আগস্ট) বিষয়টি প্রকাশ্যে আসে। তবে তাদের প্রত্যাহার ও বদলির কারণ সম্পর্কে সংশ্লিষ্ট আদেশে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।
নাটোর জেলা প্রশাসকের কার্যালয় ও লালপুর উপজেলা প্রশাসনে নতুন দায়িত্বে কে পদায়িত হবেন, তা পরবর্তী আদেশে জানানো হবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.