কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭ হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ২১ লাখ টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) জানায়, শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে গংগারহাট বিওপির আওতাধীন ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগিস এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান পাচারের গোপন তথ্যের ভিত্তিতে গংগারহাট বিওপির একটি টহলদল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ভারতীয় সীমান্তের দিক থেকে একজন সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশ অভিমুখে আসতে দেখে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ ও ধাওয়া করেন।
বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি তার সঙ্গে থাকা একটি বস্তা ফেলে দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে ফেলে যাওয়া বস্তায় তল্লাশি চালিয়ে ঘাসের ভেতরে বিশেষভাবে প্যাকেটজাত অবস্থায় ৭ হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি'র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। চোরাচালান, মাদকপাচার এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.