লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭ হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে গংগারহাট বিওপির আওতাধীন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগিস এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহলদল।
এ সময় ভারতীয় সীমান্তের দিক থেকে একজন সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ ও ধাওয়া করেন। একপর্যায়ে ওই ব্যক্তি সঙ্গে থাকা একটি বস্তা ফেলে দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ঘাসের বস্তার ভেতরে বিশেষভাবে প্যাকেটজাত অবস্থায় ৭ হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার সিজার মূল্য ২১ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। চোরাচালান, মাদকপাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করতে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। মাদকমুক্ত দেশ গড়তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.