গাজীপুরের কালীগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ঢুকে তার স্ত্রী কামরুন নাহারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাত ৩টার উপজেলার নাগরী ইউনিয়নের নগরবেলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কামরুন নাহার উপজেলার নাগরবেলা গ্রামের গায়েনবাড়ি এলাকার বাসিন্দা রড-সিমেন্ট ব্যবসায়ী মঞ্জুরুল ইসলামের স্ত্রী। এছাড়াও হামলায় গুরুতর আহত হয়েছেন মঞ্জুরুল ইসলাম এবং তার মেয়ে সানজিদা আক্তার মিম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৩টার দিকে মঞ্জুরুল ইসলামের টিনশেড বাড়ির গেটের তালা ভেঙে ১০-১২ জন দুর্বৃত্ত প্রবেশ করে। এ সময় আশপাশের কয়েকটি বাড়ির বাসিন্দাদেরও অবরুদ্ধ করে রাখে তারা।
বাড়িতে ঢুকেই দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে তাদের কোপাতে শুরু করে। এ সময় তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনাস্থলে মঞ্জুরুল ইসলামের স্ত্রী মারা যান। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান প্রতিবেশীরা।
গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, হামলার ধরন দেখে ধারণা করা হচ্ছে- দুর্বৃত্তরা ডাকাত বেশে এসে এ হামলা চালিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ক্রাইমসিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়েছে। তারা ভেতরে প্রবেশের পর বিষয়টি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যাবে। ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.