নীলফামারীর জলঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে রুবি আক্তার (১৬) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর ডান হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধায় উপজেলার গোলমুন্ডা ঘাটের পাড় ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত রুবি আক্তার পূর্ব গোলমুন্ডা নাড্ডাপাড়া গ্রামের রবিউল ইসলামের মেয়ে এবং গোলমুন্ডা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে একটি দাওয়াতের অনুষ্ঠানে যাওয়ার পথে অটোরিকশায় ছিলেন রুবি। বিকেলে গোলমুন্ডা ঘাটের পাড় ব্রিজ এলাকায় পৌঁছালে হঠাৎ তার পরনের ওড়না অটোরিকশার চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি ভারসাম্য হারিয়ে সড়কে পড়ে যান। একই সময় তার ডান হাত অটোরিকশার চাকায় ঢুকে গুরুতরভাবে জখম হয় এবং কনুই থেকে হাতটি বিচ্ছিন্ন হয়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অটোরিকশায় যাত্রীদের চলাচলের সময় ওড়না, কাপড় ও অন্যান্য ঝুঁকিপূর্ণ জিনিসপত্র ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, “দুর্ঘটনার বিষয়টি জেনেছি। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.