বিশুদ্ধ পরিবেশ গড়ব, পৃথিবী সবুজে সাজাব’—এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাট পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে প্রায় ২৫০টি গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে পুলিশ লাইন্স স্কুল প্রাঙ্গণে সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘের আয়োজনে এবং অদম্য যুব সংগঠনের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। চারা বিতরণের আগে শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আয়োজক ও অতিথিরা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার বিষয়ে বক্তব্য দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন সুমা, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রওশন কবির, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বিজন কুমার রায়, অদম্য যুব সংগঠনের সভাপতি শহিদ ইসলাম সুজন, সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘের প্রতিষ্ঠাতা খাইরুল ইসলাম, পুলিশ লাইন্স স্কুলের শিক্ষক ও সবুজ সেবার সহ-সভাপতি পরিমল বর্মন, ইউসুফ আহমেদ রোকন, আজহারুল ইসলামসহ অন্যরা।
পরে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির প্রায় ২৫০টি গাছের চারা তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.