ভোলার মেঘনা নদীতে তীব্র স্রোতের কবলে পড়ে ৬ জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় নদীতে থাকা অন্য জেলেরা ডুবে যাওয়া ট্রলারের জেলেদের উদ্ধার করেছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোরে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন বিচ্ছিন্ন ঢালচর ইউনিয়নের পূর্বঢালচরের রাস্তার চর নামক এলাকা সংলগ্ন মেঘনা নদীতে দুর্ঘটনার কবলে পড়ে ট্রলারটি। ট্রলারটি পটুয়াখালীর এবং উদ্ধার হওয়া জেলেদের বাড়ি দশমিনা উপজেলায় বলে জানা গেছে।
স্থানীয়রা জানান,বৃহস্পতিবার ভোরে স্থানীয় মো. হাসান মাঝির নেতৃত্বে ঢালচরের রাস্তার চর নামক এলাকায় মাছ ধরতে যান তারা। এর কিছুক্ষণ পর তীব্র স্রোতের কবলে পড়ে অপর একটি ট্রলারডুবির ঘটনা ঘটে এবং দুর্ঘটনার কবলে পড়া ট্রলারের জেলেরা নদীতে ভাসমান অবস্থায় চিৎকার দিলে হাসান মাঝিসহ নদীতে মাছ ধরতে থাকা অন্য জেলেরা এগিয়ে গিয়ে ওই ট্রলারের ৬ জন জেলেকে জীবিত উদ্ধার করেন। তবে হদিস মেলেনি ট্রলার ও জালের।
দুপুরে বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ আইচা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আহসান কবির বলেন, মেঘনায় দুর্ঘটনার কবলে পড়া ট্রলারের জেলেদের জীবিত উদ্ধার করেছেন নদীতে মাছ ধরতে থাকা অন্য জেলেরা। পরে তাদেরকে নিরাপদ স্থানে আনা হলে তারা চলে গেছেন,ফলে উদ্ধার হওয়া জেলেদের নাম জানা যায়নি।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.