সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে চলমান ‘অপারেশন কম্বাইন্ড পেট্রোল’-এর অংশ হিসেবে রংপুরে দুই ছিনতাইকারীসহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ রাতে তাজহাট থানা এলাকা থেকে দুই ছিনতাইকারীকে আটক করে। গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলেন— নগরীর বাবুপাড়া সাজাপুর এলাকার মোহাম্মদ নান্নু মিয়ার ছেলে চান মিয়া (২২) এবং আনসারী মোড় নোঙ্গরখানা এলাকার বাদশা মিয়ার ছেলে মাহিম (২০)। এছাড়া, ‘ডেভিল হান্ট’ অপারেশন ও নিয়মিত অভিযানের মাধ্যমে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আরও ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
রংপুর মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্তিশালী করতে এবং চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে রাতে পুলিশ নগরীর বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম চালায়। এ সময় সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং রাতের বেলা চলাচলকারী বাইকার ও অন্যান্য যানবাহন পরীক্ষা করা হয়।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী বলেন, “অপারেশন ডেভিল হান্টের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ‘অপারেশন কম্বাইন্ড পেট্রোল’-এর আওতায় সারারাত চেকপোস্টের ব্যবস্থা করা হয়েছে। নগরীর অলিগলিতে টহল জোরদার করা হয়েছে। এছাড়া, বাইক পেট্রোল, ফুট পেট্রোল ও মোবাইল পেট্রোল পরিচালনা করা হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন পরবর্তী মামলা এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের কঠোর হস্তে দমন করা হবে।”
পুলিশের এই অভিযান নগরীর সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
কপিরাইট © RCTV. সর্বস্বত্ব সংরক্ষিত।