২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে দিনাজপুরের বিরল উপজেলায় অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে বিরল গ্রীন স্কুলের বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী রুপন্তি রানী রায়। সে গোল্ডেন এ প্লাস (জিপিএ-৫) অর্জনের পাশাপাশি ১ হাজার ৫৩ নম্বর পেয়ে মেয়েদের মধ্যে উপজেলায় প্রথম স্থান অধিকার করেছে।
রুপন্তি মৃত পরিতোষ চন্দ্র সরকার ও রুপালী রানী সরকারের কন্যা। ফলাফল প্রকাশের পর তার অসামান্য সাফল্যের খবরে পরিবার, বিদ্যালয় ও এলাকাজুড়ে আনন্দের আমেজ ছড়িয়ে পড়ে।
রুপন্তি জানায়, তার এই সাফল্যের পেছনে বাবা-মা ও বিদ্যালয়ের শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। শিক্ষকদের যথাযথ দিকনির্দেশনা এবং নিয়মিত পড়াশোনার কারণেই সে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পেরেছে। ভবিষ্যতে একজন ভালো মানুষ হয়ে দেশের সেবা করার প্রত্যয় ব্যক্ত করে সে।
রুপন্তির পরিবারের সদস্যরা জানান, ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তার ছিল গভীর মনোযোগ। নিয়মিত অধ্যয়ন ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সে পরীক্ষার প্রস্তুতি নিয়েছে। মেয়ের এমন সাফল্যে তারা মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান এবং বিদ্যালয়ের শিক্ষকদের ধন্যবাদ দেন।
এদিকে রুপন্তির সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছে বিরল গ্রীন স্কুলের প্রধান শিক্ষক, পরিচালনা পর্ষদ ও শিক্ষকরা। বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানানো হয়।
বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, রুপন্তি শুধু পড়াশোনায় মেধাবী নয়, চারিত্রিক ও নৈতিক দিক থেকেও অত্যন্ত গুণী একজন শিক্ষার্থী। তার এই সাফল্য বিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করেছে। ভবিষ্যতেও সে ভালো ফলাফল অর্জন করে বিরল উপজেলার নাম উজ্জ্বল করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
রুপন্তির উপজেলায় প্রথম হওয়ার খবর ছড়িয়ে পড়লে শিক্ষক, সহপাঠী, আত্মীয়স্বজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাকে অভিনন্দন জানান। তার এই সাফল্য বিরল উপজেলার অন্যান্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় আরও মনোযোগী ও উৎসাহী করবে বলে মনে করছেন স্থানীয়রা।
পরিশ্রম, অধ্যবসায় ও শিক্ষকদের সঠিক দিকনির্দেশনার মাধ্যমে রুপন্তির এই অর্জন বিরল উপজেলার শিক্ষাঙ্গনে নতুন এক অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.