আখেরি চাহার সোম্বা কী?
‘আখেরি চাহার সোম্বা’ মানে শেষ বুধবার। কথাটি এসেছে ফারসি ভাষা থেকে। ইসলামের ইতিহাসে সফর মাসের শেষ বুধবার ‘আখেরি চাহার সোম্বা’ নামে পরিচিত। প্রচলিত মতে, দিনটি সফর মাসের ২৬ তারিখ ছিল।
মুসলিম সমাজে দিনটি দীর্ঘদিন ধরে গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে। এ উপলক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে দোয়া, মিলাদ মাহফিল, ওয়াজ-নসিহত ও মোনাজাতের আয়োজন করা হয়।
বর্ণিত আছে, হযরত মুহাম্মদ (সা.) ইন্তেকালের আগে সফর মাসের শেষ সপ্তাহে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে ওই মাসের শেষ বুধবার তিনি কিছুটা সুস্থ বোধ করেন। সেদিন গোসল করে কিছু পানাহার শেষে মসজিদে নববিতে গিয়ে নামাজের ইমামতি করেন। এতে উপস্থিত সাহাবিরা অত্যন্ত আনন্দিত হন।
নবীজি (সা.) এর অসুস্থতা, অসুস্থতাকালীন অবস্থা, কর্ম ইত্যাদি বিশদভাবে বহু হাদিসে বর্ণিত হয়েছে। সেসব বর্ণনায় নির্দিষ্টভাবে দিন, তারিখ বা সময় উল্লেখ নেই। তাই তাঁর অসুস্থতা সম্পর্কে বিভিন্ন মত হয়েছে।
প্রচলিত বর্ণনা অনুযায়ী, রাসুলুল্লাহ (সা.) জীবনে শেষবারের মতো রোগমুক্তি লাভ করেন বলে দিনটিকে মুসলিমরা প্রতি বছর শুকরিয়া দিবস হিসেবে পালন করেন এবং নফল এবাদত-বন্দেগির মাধ্যমে দিনটি কাটান। তাই মুসলিমদের কাছে আখেরি চাহার সোম্বার গুরুত্ব ও মহিমা অপরিসীম।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.