লালমনিরহাটের সীমান্ত এলাকায় পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ইস্কাপ সিরাপ, ইয়াবা ট্যাবলেট ও হেরোইন জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। জব্দকৃত মাদকের সর্বমোট সিজার মূল্য ১ লাখ ১১ হাজার ১০০ টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সূত্রে জানা যায়, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মোগলহাট, ঝাউরানী ও রামখানা বিওপির টহলদল পৃথক অভিযান পরিচালনা করে।
বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক চোরাচালান করবে। ওই তথ্যের ভিত্তিতে ১০ আগস্ট রাত ৯টায় মোগলহাট বিওপির আওতাধীন কর্নপুর জুকিটারী, ১১ আগস্ট রাত সাড়ে ১২টায় ঝাউরানী বিওপির আওতাধীন উত্তর ঝাউরানী এবং ভোর সাড়ে ৪টায় রামখানা বিওপির আওতাধীন দক্ষিণ শিংঝাড় এলাকায় পৃথক তিনটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে টহল দলের সদস্যরা সন্দেহজনক ব্যক্তিদের আসতে দেখে তাদের গতিবিধি লক্ষ্য করেন। পরে তাদের ধাওয়া করলে চোরাকারবারীরা সঙ্গে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ভারতীয় ইস্কাপ সিরাপ ২৪৬ বোতল, ইয়াবা ট্যাবলেট ২৯টি এবং হেরোইন ২ গ্রাম জব্দ করা হয়।
জব্দকৃত ভারতীয় ইস্কাপ সিরাপের সিজার মূল্য ৯৮ হাজার ৪০০ টাকা, ইয়াবা ট্যাবলেটের সিজার মূল্য ৮ হাজার ৭০০ টাকা এবং হেরোইনের সিজার মূল্য ৪ হাজার টাকা। সব মিলিয়ে জব্দকৃত মাদকের সিজার মূল্য ১ লাখ ১১ হাজার ১০০ টাকা।
১৫ বিজিবির অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, মাদক চোরাচালান চক্রের সঙ্গে সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান ও মাদকপাচার এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। এছাড়াও, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে আমরা গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করেছি এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.