চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। এ বছর দাখিলে পাসের হার দাঁড়িয়েছে ৫৫ দশমিক ৪৯ শতাংশ। একই সঙ্গে কমেছে জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও।
সোমবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এ বছর ৯ হাজার ১৪১টি প্রতিষ্ঠানের ২ লাখ ৯৬ হাজার ৯৮২ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৭৯৭ জন। পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৭১৬ জন।
গত বছর, অর্থাৎ ২০২৫ সালে দাখিল পরীক্ষায় পাসের হার ছিল ৬৮ দশমিক ০৯ শতাংশ। ওই বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৯ হাজার ৬৬ জন। ফলে এক বছরের ব্যবধানে দাখিলে পাসের হার কমেছে ১২ দশমিক ৬০ শতাংশ। পাশাপাশি জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও কমেছে ২ হাজার ৩৫০ জন।
এদিকে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় সার্বিকভাবে পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৫৮ দশমিক ২০ শতাংশ।
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন।
গত বছরের তুলনায় এবার এসএসসি ও সমমান পরীক্ষায় সার্বিক পাসের হার কমেছে ৬ দশমিক ২ শতাংশ। একই সঙ্গে জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও কমেছে ২২ হাজার ৩৬৫ জন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.