
দীর্ঘদিন ধরে উচ্চবাচ্য, লেখালেখি আর আকুতি-মিনতি-কোনো কিছুই থামাতে পারেনি মাটি খাদকদের লোভের থাবা।
পরিণতি যা হওয়ার তা-ই হলো! গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী নদীর সাপগাছি হাতিয়াদহ এলাকায় যত্রতত্র ও অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের ফলে নদীর তীরবর্তী বিদ্যুৎ সঞ্চালন লাইনের ৩টি বৈদ্যুতিক খুঁটি নদীগর্ভে ধসে পড়েছে।
স্থানীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একশ্রেণীর অসাধু মাটি ও বালু খেকো চক্র নদী তীরবর্তী এলাকা থেকে ড্রেজার ও এস্কেভেটর দিয়ে বেপরোয়াভাবে মাটি ও বালু কেটে নিয়ে যাচ্ছিল।
এতে নদীপাড় চরম হুমকিতে পড়ে এবং বৈদ্যুতিক খুঁটিগুলো ঝুঁকির মধ্যে চলে যায়। এ নিয়ে একাধিকবার সংবাদ প্রকাশ এবং স্থানীয়রা প্রতিবাদ জানালেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ও স্থায়ী কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
অবশেষে সেই অবহেলা ও উদাসীনতার মাশুল দিতে হলো আজ। বৈদ্যুতিক খুঁটিগুলো নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ও পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার চরম আশঙ্কা দেখা দিয়েছে।
এলাকাবাসীর জোর দাবি, অবিলম্বে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন মেরামত করে নিরাপদ করা হোক, সরকারি সম্পদ ধ্বংসকারী ও অবৈধ মাটি-বালু উত্তোলনকারী চক্রের বিরুদ্ধে দ্রুত আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.