দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে পৃথক চারটি বিশেষ অভিযান চালিয়ে ২৮৮ বোতল মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যে ১১ বোতল ভারতীয় মদ এবং ২৭৭ বোতল দেশি মদ রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৯৯ হাজার ৬০০ টাকা।
বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৮ আগস্ট শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ বিভিন্ন বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।
প্রথম অভিযানে বিকেল সাড়ে ৪টার দিকে পরমেশ্বরপুর বিওপির সদস্যরা দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার চালানদিঘী এলাকায় সীমান্ত পিলার ৩৩১/৬-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১১ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।
এরপর রাত ৮টা ৩২ মিনিটে দানাজপুর বিওপির সদস্যরা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার গুচ্ছগ্রাম এলাকায় সীমান্ত পিলার ৩৪০/৩-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ১৯২ বোতল দেশি মদ উদ্ধার করেন।
রাত ১০টা ৫০ মিনিটে চান্দুরিয়া বিওপির সদস্যরা পীরগঞ্জ উপজেলার আমিরপাড়া এলাকায় সীমান্ত পিলার ৩৩৭/১-এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে আরও ৩৩ বোতল দেশি মদ উদ্ধার করেন।
এ ছাড়া রাত ১১টার দিকে মশালগাঁও বিওপির সদস্যরা ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভগোবানপুর এলাকায় সীমান্ত পিলার ৩৪৮/৭-এস থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ৫২ বোতল দেশি মদ উদ্ধার করেন।
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এসব মাদকের সঙ্গে জড়িত এবং পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.