গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া ইউনুস আলী (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শুক্রবার (৭ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকার নলেয়া নদীর মরাঘাটি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইউনুস আলী উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তরফ জাহান (ঝাউলার বাজার) নয়াপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ইউনুস আলী নলেয়া নদীতে মাছ ধরতে যান। এরপর তিনি বাড়ি ফিরে না আসায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে শুক্রবার সকালে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। একপর্যায়ে নদী থেকে ইউনুস আলীর মরদেহ উদ্ধার করা হয়।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুর রহমান হাবিব বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.