
লালমনিরহাট ও কুড়িগ্রামের সীমান্ত এলাকায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ৩৫৫ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, ৬ কেজি ভারতীয় গাঁজা এবং একটি পালসার (১৫০ সিসি) মোটরসাইকেল জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ১৫ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে হাতীবান্ধা উপজেলার পূর্ব আমঝোল এলাকায় বনচৌকি বিওপির টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা বহনকৃত মালামাল ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৩৫৫ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করা হয়।
এদিকে, বুধবার (৫ আগস্ট) রাত ২টা ৫০ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মধ্যটারী এলাকায় গোড়কমন্ডল বিওপির টহল দল আরেকটি অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মোটরসাইকেল আরোহী এক সন্দেহভাজন ব্যক্তিকে থামার সংকেত দিলে তিনি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে মোটরসাইকেলের তেলের ট্যাংক ও সিটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি পালসার (১৫০ সিসি) মোটরসাইকেল জব্দ করা হয়।
১৫ বিজিবি জানায়, জব্দ করা ৩৫৫ বোতল ইস্কাপ সিরাপের আনুমানিক মূল্য ১ লাখ ৪২ হাজার টাকা, ৬ কেজি গাঁজার মূল্য ২১ হাজার টাকা এবং মোটরসাইকেলটির মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। জব্দকৃত আলামতের মোট সিজার মূল্য ৩ লাখ ১৩ হাজার টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.