
দিনাজপুরের বিরল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৫ আগস্ট বুধবার রাত ৯টা ২০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ ভান্ডারা বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বিরল উপজেলার ভান্ডারা মানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সীমান্ত পিলার ৩২৬/৭-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. দুলাল হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক দুলাল হোসেন বিরল উপজেলার ভান্ডারা মানপাড়া গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার বালান্দর ডাকঘর এলাকার আশরাফ আলীর ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিকে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.