রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তির আলোচনা ইতিবাচকভাবেই এগোচ্ছে। স্প্যানিশ জায়ান্টরা আশাবাদী, ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে দীর্ঘমেয়াদে দলে রাখতে সক্ষম হবে। তবে এর মধ্যেই ইনস্টাগ্রাম থেকে সব ছবি, বায়ো ও প্রোফাইল ছবি মুছে দিয়ে নতুন করে রহস্যের জন্ম দিয়েছেন এই উইঙ্গার।
বর্তমান ফুটবলে অনেক খেলোয়াড়ই ব্যক্তিগত বা পেশাগত কারণে সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট নতুনভাবে সাজান বা পুরোনো পোস্ট মুছে ফেলেন। তবে এমন পদক্ষেপ অনেক সময় সম্ভাব্য দলবদলের ইঙ্গিত হিসেবেও দেখা হয়। তাই ভিনিসিয়ুসের এই কর্মকাণ্ড ঘিরে ভক্ত-সমর্থকদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ভিনিসিয়ুসকে ধরে রাখতে বছরে প্রায় ১ কোটি ৮৫ লাখ পাউন্ড বেতনের নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে রিয়াল মাদ্রিদ। আগামী বছরের জুনে শেষ হবে তার বর্তমান চুক্তি। গত বছরের জানুয়ারি থেকেই দুই পক্ষের মধ্যে নবায়ন নিয়ে আলোচনা চলছে।
দ্বিতীয় দফায় রিয়ালের দায়িত্ব নেওয়া হোসে মরিনহো তার ভবিষ্যৎ পরিকল্পনায় ভিনিসিয়ুসকে অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে বিবেচনা করছেন। টানা দুই মৌসুম বড় কোনো শিরোপা জিততে না পারলেও ক্লাব কর্তৃপক্ষ তাদের অন্যতম সেরা তারকাকে হারানোর ঝুঁকি নিতে চায় না।
তবে বুধবার রাতে ভিনিসিয়ুসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হঠাৎ বড় ধরনের পরিবর্তন নজরে আসে। প্রায় ৬ কোটি ৪০ লাখ অনুসারীর এই অ্যাকাউন্টে এখন কোনো ছবি, বায়ো বা প্রোফাইল ছবি নেই। এমনকি রিয়ালের জার্সিতে খেলা, অনুশীলন কিংবা ব্যক্তিগত মুহূর্তের সব ছবিও সরিয়ে ফেলেছেন তিনি।
এদিকে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল। রিয়ালের সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা ভেঙে গেলে ব্রাজিলিয়ান উইঙ্গারকে দলে ভেড়ানোর সুযোগ নিতে প্রস্তুত মিকেল আর্তেতার দল।
সম্প্রতি জিরোনার বিপক্ষে প্রাক্-মৌসুম ম্যাচের পর দলবদল নিয়ে কথা বলতে গিয়ে আর্তেতা বলেন, ‘আগামী কয়েক সপ্তাহে দলে কিছু পরিবর্তন হবে বলে আশা করছি। আমরা আরও শক্তিশালী হতে চাই। প্রতিপক্ষরাও নিজেদের উন্নত করছে, তাই আমরাও বসে থাকতে চাই না। স্কোয়াডে প্রতিযোগিতা বাড়ানো এবং যেসব জায়গায় উন্নতির প্রয়োজন, সেগুলো পূরণ করাই আমাদের লক্ষ্য।’
সব গুঞ্জনের মধ্যেও ভিনিসিয়ুস ইতোমধ্যে রিয়াল মাদ্রিদের প্রাক্-মৌসুম ক্যাম্পে যোগ দিয়েছেন। নিয়মিত মেডিকেল পরীক্ষা শেষে তিনি হোসে মরিনহোর অধীনে অনুশীলনও শুরু করেছেন। ফলে শেষ পর্যন্ত তিনি সান্তিয়াগো বার্নাব্যুতেই নতুন চুক্তিতে থাকবেন, নাকি অন্য কোনো ক্লাবে পাড়ি জমাবেন—সেটিই এখন দেখার বিষয়।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.