ঝালকাঠির রাজাপুর উপজেলায় গভীর রাতে একটি বসতঘরে চুরি করতে এসে গৃহবধূর কামড়ে এক চোরের আঙুলের একটি অংশ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। তবে সহযোগীদের সহায়তায় ওই চোর পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় চোরের দল ঘরে থাকা দুটি মোবাইল নিয়ে গেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
মঙ্গলবার (০৪ আগস্ট) রাত আড়াইটার দিকে উপজেলার ডহরশংকর গ্রামের খলিফা বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার জানায়, গভীর রাতে বাড়ির মালিক মো. নুরুজ্জামান খলিফার বসতঘরে সংঘবদ্ধ চোরের একটি দল গোপনে প্রবেশ করে। শব্দ পেয়ে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে গেলে তারা চোরদের আটকানোর চেষ্টা করেন। এ সময় এক গৃহবধূ একজন চোরকে জাপটে ধরলে উভয়ের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।
পরিবারের দাবি, ধস্তাধস্তির একপর্যায়ে চোরটি নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে ওই গৃহবধূ তার হাতে কামড় দেন। এতে চোরের একটি আঙুলের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বাইরে অবস্থান করা সহযোগীরা ঘরে ঢুকে তাকে উদ্ধার করে নিয়ে পালিয়ে যায়। পালানোর সময় তারা ঘরে থাকা দুটি দামি মোবাইল ফোন নিয়ে যায় বলেও অভিযোগ করা হয়।
রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস বলেন, ঘটনার বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.