
গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের উল্ল্যা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে সাঘাটা থানা পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) সাঘাটা থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট ২০২৬ রাতে সাঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) এস. এম. মোহায়মেনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, ওয়ারেন্ট তামিল এবং নিয়মিত টহল ডিউটি পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, উপজেলার ২নং ভরতখালী ইউনিয়নের উল্ল্যা বাজারের মজা পুকুর সংলগ্ন এমা বেগমের মুদি দোকানের সামনে এক ব্যক্তি অবৈধ মাদক বিক্রি করছে।
সংবাদের সত্যতা যাচাই করে তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক তল্লাশি চালিয়ে তার পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে একটি কালো পলিব্যাগে মোড়ানো ৭ (সাত) পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ০.৭ গ্রাম। ডিজিটাল পরিমাপ যন্ত্রে ওজন নির্ধারণের পর এর আনুমানিক বাজারমূল্য ২ হাজার ১০০ টাকা বলে জানা যায়।
গ্রেফতার হওয়া ব্যক্তি হলেন শ্রী শুভ (২৪)। তিনি মৃত মনেন্দ্রের ছেলে। তাঁর বাড়ি সাঘাটা উপজেলার উল্ল্যা বাজার (শালবাগান) এলাকায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে সাঘাটা থানাসহ বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় সাঘাটা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম বলেন, “মাদক নির্মূলে সাঘাটা থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.