রংপুরে বেশ কয়েকটি ফিলিং স্টেশনের বিরুদ্ধে নির্ধারিত মূল্য আদায় করলেও পরিমাপে কম তেল দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতি ১০ লিটারে ৫০-১৪০ মিলিলিটার অকটেন, ডিজেল ও পেট্রোল কম দেওয়া হয়। এভাবে অভিনব কায়দায় জ্বালানি তেল পরিমাপে কম দিয়ে ভোক্তার পকেট কাটার অভিযোগ পেয়ে নড়েচড়ে বসেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও জেলা প্রশাসন।
সোমবার (৩ আগস্ট) দুপুরে রংপুর নগরীর বাংলাদেশ ব্যাংক মোড়ে মেসার্স সিটি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তেল চুরির বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। সিটি ফিলিং স্টেশনটি প্রতি ১০ লিটারে চুরি করছে ১৪০ মিলিলিটার অকটেন।
এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা কবির ও কাজী মো. শাহান নেতৃত্ব দেন।
একই দিনে অভিযানচলাকালীন নগরীর কাচারি বাজারে স্কাউটস ভবন-সংলগ্ন মেসার্স তাজিয ফুডস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং আল মদিনা লাইভ বেকারিকে হোয়াইট ব্রেড ও বিস্কুটের অনুকূলে সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের জন্য উদ্বুদ্ধকরণ করা হয়।
এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের রংপুর বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মারুফা বেগম, পরিদর্শক (মেট্রোলজি) মো. আলমাস মিয়া ও মো. নাসির উদ্দিন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএসটিআইয়ের কর্মকর্তাগণ।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.