জুলাই গণঅভ্যুত্থানের রক্তস্নাত ঐতিহাসিক অর্জনের দ্বিতীয় বর্ষপূর্তিতে সুর, সাম্য ও গণমানুষের ঐক্য উদযাপনে আয়োজিত হতে যাচ্ছে এক জাঁকজমকপূর্ণ সংগীত উৎসব ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে আয়োজিত এই জমকালো আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)।
আগামী ৫ আগস্ট রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বসবে এই কনসার্টের মূল আসর। এতে এক মঞ্চে গান পরিবেশন করবে দেশের জনপ্রিয় ও কিংবদন্তি সব ব্যান্ড। আয়োজকরা জানান, মঞ্চ মাতাতে প্রস্তুত রয়েছে ‘মাইলস’, ‘ওয়ারফেইজ’, ‘ডিফারেন্ট টাচ’, ‘লালন’, ‘হাইওয়ে’, ‘অ্যাসেস’ এবং ‘রি রি’-এর মতো দেশের শীর্ষস্থানীয় ব্যান্ডগুলো।
গণমানুষের সুর ও গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশের ব্যান্ড সংগীতের এই তারকারা তুলে ধরবেন তাদের জনপ্রিয় সব গান। সংগীতপ্রেমীদের জন্য আয়োজনটি উন্মুক্ত রাখা হয়েছে একেবারে বিনামূল্যে। কনসার্টটি উপভোগ করতে কোনো টিকিটের প্রয়োজন হবে না। আগামী ৫ আগস্ট দুপুর ১টায় সোহরাওয়ার্দী উদ্যানের গেট দর্শকদের জন্য খুলে দেওয়া হবে এবং আনুষ্ঠানিকভাবে কনসার্ট শুরু হবে বিকেল ৩টায়।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ‘গণতন্ত্রের শক্তিতে গড়ি সাম্য, সম্প্রীতি ও সংস্কৃতির বাংলাদেশ। আসুন, সংগীতের সুরে একসঙ্গে উদযাপন করি জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী এবং পুনর্নবায়ন করি আমাদের সম্মিলিত গণতান্ত্রিক প্রত্যয়।’
গণঅভ্যুত্থানের চেতনা অক্ষুণ্ন রাখা এবং তরুণ প্রজন্মের মাঝে সাম্য ও জাতীয় ঐক্যের স্পন্দন ছড়িয়ে দেওয়াই এই বিশালাকার কনসার্টের মূল লক্ষ্য। আগস্টের এই বিকেলে সংগীতপ্রেমীদের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যান এক উৎসবমুখর জনসমুদ্রে পরিণত হবে বলে আশা করছেন আয়োজকরা।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.