
দিনাজপুরের বিরল উপজেলায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে সাবেক স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সাবেক স্বামীকে আটক করেছে।
নিহত সুমাইয়া আক্তার শ্যামলী (২৫) উপজেলার বিজোড়া ইউনিয়নের সুতারপাড়া এলাকার বাসিন্দা। তিনি সিরাজুল ইসলামের মেয়ে। শ্যামলীর সাত বছর বয়সী একটি ছেলে ও চার বছর বয়সী একটি মেয়ে রয়েছে।
অভিযুক্ত মাহবুবুর রহমান (৫০) উপজেলার দোগাছী গ্রামের বুধাপুকুর এলাকার বাসিন্দা। তিনি সফি উদ্দীনের ছেলে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে শ্যামলী ও মাহবুবুর রহমানের বিবাহবিচ্ছেদ হয়।
অভিযোগ রয়েছে, বৃহস্পতিবার রাত প্রায় ১১টার দিকে সন্তানদের দেখার কথা বলে মাহবুবুর রহমান শ্যামলীর বাড়িতে যান। একপর্যায়ে তিনি শ্যামলীর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে শ্যামলী গুরুতর দগ্ধ হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মাহবুবুর রহমানকে আটক করে। পুলিশ ঘটনাস্থল থেকে পেট্রোলের আলামত ও একটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নিহতের মরদেহ বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.