জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রংপুরে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখা। সমাবেশ থেকে জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে নেতারা বলেন, জনগণের প্রত্যাশা উপেক্ষা করা হলে দেশে নতুন রাজনৈতিক সংকট সৃষ্টি হতে পারে।
শনিবার (১ আগস্ট) বিকেলে নগরীর টাউন হল মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি সিটি বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড় ও গ্র্যান্ড হোটেল মোড় প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মিছিলজুড়ে অংশগ্রহণকারীরা "গোলামী না, আজাদী, আজাদী আজাদী", "আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম", "আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ"সহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রংপুর-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহবুবুর রহমান বেলাল বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর অনুষ্ঠিত নির্বাচন ও গণভোটে দেশের বিপুল সংখ্যক মানুষ যে রায় দিয়েছেন, বর্তমান সরকার তা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করছে না। তিনি দাবি করেন, জনগণের প্রায় ৭৪ শতাংশের সমর্থন পাওয়া ওই গণরায়কে উপেক্ষা করা হলে জনগণ আবারও রাজপথে নামতে বাধ্য হবে।
তিনি আরও বলেন, "যে ছাত্র-জনতার আত্মত্যাগ ও শহীদদের রক্তের বিনিময়ে বর্তমান রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায় সরকারের ওপর বর্তায়। তাই অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। অন্যথায় জনগণ গণতান্ত্রিক উপায়ে নিজেদের অধিকার আদায়ে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করবে।"
সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর মহানগর আমির এটিএম আজম খান বলেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা, সুশাসন, উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হলে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে। তিনি বলেন, "জুলাই সনদ এবং গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করা হলে দেশের মানুষ সরকারকে সহযোগিতা করবে। কিন্তু জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নেওয়া হলে তার রাজনৈতিক দায়ও সরকারকেই বহন করতে হবে।"
তিনি আরও বলেন, জনগণের মতামত ও গণরায়কে সম্মান জানানোই টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার পূর্বশর্ত।
সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আল আমিন হাসান, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আব্দুল গনি এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর শাখার সভাপতি আনিসুর রহমান।
গণমিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর মহানগর আমির এটিএম আজম খান, সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আলামিন হাসান, প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাওছার আলী, কর্মপরিষদ সদস্য মাওলানা শাহজাহান সিরাজ, কোতোয়ালি থানা আমির মাওলানা গোলাম কিবরিয়া, পরশুরাম থানা আমির অ্যাডভোকেট মাহবুব আলম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর জেলা শাখার সভাপতি হামিদুর রহমান, মহানগর সভাপতি আনিসুর রহমানসহ জামায়াত ও ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.