টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার প্রভাবে লালমনিরহাটের কাঁচাবাজারে হঠাৎ করেই সবজির দাম ঊর্ধ্বমুখী হয়েছে। মাত্র এক থেকে দুই সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ২৮০ টাকা পর্যন্ত বেড়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ।
শুক্রবার(৩১ জুলাই) জেলার বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচা মরিচের। বর্তমানে প্রতি কেজি কাঁচা মরিচ ৩২০ থেকে ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বেগুন, পটল, করলা, ঢেঁড়স, বরবটি, শসা ও কাঁচা পেঁপেসহ প্রায় সব ধরনের সবজির দাম গত সপ্তাহের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাজারে ক্রেতাদের উপস্থিতি থাকলেও অধিকাংশই প্রয়োজনের তুলনায় কম পরিমাণে সবজি কিনছেন।
ক্রেতাদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পণ্যের পাশাপাশি সবজির দামও বেড়ে যাওয়ায় সীমিত আয়ের পরিবারের মাসিক ব্যয় সামলানো কঠিন হয়ে পড়েছে।
স্থানীয়দের মতে, টানা বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে মাঠ থেকে সবজি সংগ্রহ এবং বাজারে সরবরাহ ব্যাহত হওয়ায় দাম বেড়েছে। তবে নিয়মিত বাজার তদারকির অভাবে পাইকারি ও খুচরা পর্যায়ে মূল্যবৃদ্ধি আরও বেড়েছে বলেও তাদের দাবি।
ক্রেতারা বাজারদর নিয়ন্ত্রণে প্রশাসনের নিয়মিত অভিযান ও কার্যকর মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করে উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.